
কলকাতা, ২৬ মার্চ (হি.স.) : নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে মাঝ আকাশে প্রবল ঝড়ের মুখে পড়ে বিপাকে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর ও বীরভূমের দুবরাজপুরে দুটি জনসভা শেষ করে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় দীর্ঘক্ষণ আকাশেই চক্কর কাটতে হয় তাঁর প্রাইভেট জেটটিকে।
বিমানবন্দর সূত্রে খবর, এদিন বিকেল ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে মুখ্যমন্ত্রীর ছোট প্রাইভেট জেটটি উড্ডয়ন করে। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৩টে ৫৫ মিনিট নাগাদ সেটির কলকাতায় নামার কথা ছিল। কিন্তু সেই সময় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল ঝড়বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হওয়ায় অবতরণ অসম্ভব হয়ে পড়ে। ফলে প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে বিমানটি মাঝ আকাশেই চক্কর কাটতে থাকে।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল পরিস্থিতির কারণে ওই সময়ে বিমান পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। নিরাপত্তার খাতিরে বিকেল ৪টে ২২ মিনিট থেকে বিকেল ৫টা ১৯ মিনিট পর্যন্ত প্রায় ৫৭ মিনিট বিমান ওঠানামা সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এই সময়ের মধ্যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৪টি বিমান নামতে পারেনি এবং ৬টি বিমান উড়তে পারেনি। এমনকি একটি বিমানের গতিপথও পরিবর্তন করতে হয়।
বিপজ্জনক আবহাওয়ার মধ্যে দীর্ঘক্ষণ আকাশে আটকে থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিকেল ৪টে ৫০ মিনিটের পর মুখ্যমন্ত্রীর বিমানটি নিরাপদভাবে অবতরণ করে। তবে মাঝ আকাশে এই আকস্মিক বিপত্তি ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছিল রাজনৈতিক মহলে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত