
রিয়াদ, ২৬ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে , আগামী ১১ এপ্রিল সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর ড্র অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে বৃহস্পতিবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে।
কনফেডারেশনের পক্ষ থেকে কোনও নতুন তারিখ ঘোষণা করা হয়নি। বলা হয়েছে, “চূড়ান্ত ড্র-এর নতুন ব্যবস্থা সম্পর্কে পরবর্তী তথ্য পরে জানানো হবে।”
আগামী বছর ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে এশিয়ান কাপের ১৯-তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিজেদের মাটিতে আগের আসরটি জেতা কাতার শিরোপাটি পশ্চিম এশিয়ায় ধরে রাখার আশা করবে।
রিয়াদ, জেড্ডা ও আল খোবার এই টুর্নামেন্টের আয়োজক শহর, যেখানে চারটি করে দলের ছয়টি গ্রুপে মোট ২৪টি দল অংশ নেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি