
হাইলাকান্দি (অসম), ২৬ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলায় জোরদার করা হয়েছে ভোটার সচেতনতা অভিযান। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ পর্বে প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হাইলাকান্দি জেলা প্রশাসনের সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টরাল পার্টিসিপেশন সেল (এসভিইইপি)-এর উদ্যোগে এবং লালা ডেভেলপমেন্ট ব্লকের রাষ্ট্রীয় গ্রামীণ জীবিকা মিশন (এসআরএলএম)-এর ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার লালা ব্লকের মনাছড়া জিপি অফিস প্রাঙ্গণে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লালার বিডিও আদিত্য মুখার্জির পৌরোহিত্যে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত থেকে এসভিইইপি-র পক্ষ থেকে শংকর চৌধুরী, মনেশ পেগু, নজমুল হোসেন লস্কর, ফকরুল চৌধুরী সহ সংশ্লিষ্ট আধিকারিকরা ভোটারদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য পেশ করেছেন।
তাঁরা একটাই বার্তা দিয়েছেন, গণতন্ত্রের শক্তি নিহিত রয়েছে ভোটাধিকার প্রয়োগে। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে সকলকে ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিশেষ করে নতুন ভোটারদের উৎসাহ ও উপস্থিতি এদিনের কর্মসূচিতে আলাদা মাত্রা যোগ করে।
অনুষ্ঠানের শেষে শংকর চৌধুরীর নেতৃত্বে উপস্থিত সকলকে ভোটার অঙ্গীকার পাঠ করানো হয়। অঙ্গীকারে সকলেই সচেতনভাবে ভোটদান এবং অন্যদেরও ভোটদানে উৎসাহিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জেলা প্রশাসনের এই উদ্যোগে স্পষ্ট, ভোটারদের সচেতন করেই একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তোলাই লক্ষ্য। সব শেষে ধন্যবাদসূচক বক্তব্য পেশ করেছেন লালা ব্লকের এসআরএলএম বিপিএম।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস