৪৪ বছর পর পূর্ণতা পেল মহানাম অঙ্গন মন্দির, উন্মোচিত ৪৮ ফুট উঁচু চূড়া
আগরতলা, ২৬ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের মহানাম অঙ্গন মন্দিরে ৪৮ ফুট উঁচু নবনির্মিত চূড়া উন্মোচনের মধ্য দিয়ে মন্দিরের নির্মাণ কাজের পূর্ণতা লাভ করল। বৃহস্পতিবার বাসন্তী পূজার মহাঅষ্টমী তিথিতে ধর্মীয় ও গাম্ভীর্
চূড়া উমোচন মহানাম অঙ্গনে


আগরতলা, ২৬ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের মহানাম অঙ্গন মন্দিরে ৪৮ ফুট উঁচু নবনির্মিত চূড়া উন্মোচনের মধ্য দিয়ে মন্দিরের নির্মাণ কাজের পূর্ণতা লাভ করল। বৃহস্পতিবার বাসন্তী পূজার মহাঅষ্টমী তিথিতে ধর্মীয় ও গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই চূড়ার উদ্বোধন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, মন্দির পরিচালন কমিটির সম্পাদক সুদীপ কুমার রায়, কলকাতা থেকে আগত বন্ধুরূপ ব্রহ্মচারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অসংখ্য ভক্তবৃন্দ। ভক্তদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে প্রায় ১৯ লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির চূড়া নির্মাণ করা হয়েছে বলে জানানো হয়।

চূড়া উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটায় অনুষ্ঠিত হবে ‘বন্ধু স্মরণ মঙ্গল যজ্ঞ’ ও পবিত্রকরণ অনুষ্ঠান। এর পাশাপাশি থাকবে ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণ। এছাড়াও চূড়া উদ্বোধন উপলক্ষ্যে ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যা ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করেছে।

মন্দির পরিচালন কমিটির সম্পাদক সুদীপ কুমার রায় জানান, ১৯৮২ সালের ১০ সেপ্টেম্বর মহানাম অঙ্গন মন্দির প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৪৪ বছর পর এই চূড়া নির্মাণের মাধ্যমে মন্দিরটি তার পূর্ণাঙ্গ রূপ লাভ করল। তিনি এই মহৎ উদ্যোগে সহযোগিতা করা সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসবের আবহ বিরাজ করছে এবং ধর্মীয় ঐক্য ও ভক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande