
আরামবাগ, ২৭ মার্চ (হি.স.) : নির্বাচন যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হচ্ছে খানাকুলের রাজনৈতিক পরিবেশ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাদের প্রার্থী পলাশ রায়ের প্রচারগাড়িতে পরিকল্পিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ঠাকুরানীচকের বারাসাত এলাকায়।
এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মী-সমর্থকরা আরামবাগ-বন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ চলায় যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়ে ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। তাদের দাবি, হামলার সময় প্রচার গাড়িতে থাকা কর্মীদের মারধর করা হয় এবং গাড়ির ক্ষতিসাধন করা হয়। এক তৃণমূল নেতা বলেন, “মানুষের সমর্থন হারিয়ে বিজেপি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।”
অন্যদিকে, বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। গেরুয়া শিবিরের দাবি, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং রাজনৈতিকভাবে সুবিধা পেতেই বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর। তবে এই ঘটনার জেরে নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA