
কলকাতা, ২৭ মার্চ (হি. স.): রামনবমীর পুণ্যতিথিতে হাওড়ার রামরাজাতলার রামমন্দিরে ভক্তদের ঢল নামল। শনিবার সকাল থেকেই মন্দিরে ভিড় জমান অগণিত পুণ্যার্থী। আর সেই ভিড়ের মধ্যেই নজর কাড়লেন বিধানসভা নির্বাচনের তিন হেভিওয়েট প্রার্থী। শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়, ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং দক্ষিণ হাওড়ার তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরী এদিন মন্দিরে উপস্থিত হয়ে শ্রীরামচন্দ্রের পুজোয় অংশগ্রহণ করেন।এদিন সকাল থেকেই মন্দির চত্বরে ছিল উৎসবের আমেজ। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের ভিড়ে উপচে পড়ে রামরাজাতলা এলাকা। ভক্তিমুখর পরিবেশে পুজো, প্রার্থনা ও প্রসাদ বিতরণকে কেন্দ্র করে দিনভর ছিল বিপুল উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনের আবহে একই মন্দিরে বিবাদমান রাজনৈতিক শিবিরের প্রার্থীদের এই উপস্থিতি রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই যেন এদিন মিলেমিশে গেল উৎসব ও রাজনীতির রঙ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত