
জয়পুর, ২৭ মার্চ (হি.স.): রাজস্থানে ৩০ মার্চ পর্যন্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ–সহ ঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। শুক্রবার রাজ্যের প্রায় ৮টি জেলায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃহস্পতিবার যোধপুর, বিকানের এবং জয়পুরের আশেপাশের এলাকাগুলিতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে। বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিও হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিকানের, চুরু, শ্রীগঙ্গানগর, হনুমানগড়, ফালোদি, ঝুনঝুনু এবং সিকারের পাশাপাশি নাগৌর, জয়সলমের এবং যোধপুরের কিছু অংশে আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। এদিকে, বারমের, কোটা, উদয়পুর এবং জয়পুর–সহ দক্ষিণ-পূর্ব এবং পূর্ব জেলাগুলিতে আবহাওয়া স্বাভাবিক ছিল।
কোটায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার আবহাওয়া দফতর পূর্ভাবাস দিয়েছে, শনিবার থেকে ৩০ মার্চের মধ্যে একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। জনসাধারণ এবং কৃষক উভয়কেই সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন