
ঘাটাল, ২৭ মার্চ (হি. স.):- শুক্রবার আসন্ন নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে প্রচারে নামলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)। এদিন কুশপাতা এলাকার রাম মন্দিরে পুজো দেন তিনি। পুজো দেওয়ার পর ‘জয় শ্রী রাম’ ধ্বনিও দিতে শোনা যায় তাঁকে। ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থীর সমর্থনে এটিই ঘাটালে দেবের প্রথম প্রচার কর্মসূচি। এরপর তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও ঘুরে দেখেন।ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব বলেন, বন্যা থেকে ঘাটালকে বাঁচাতে প্রথমে একটি রুটম্যাপ তৈরি করা হয়েছিল, কিন্তু তাতে অনেক জমি ও বাজারের সমস্যা হচ্ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে রুটম্যাপ তৈরি হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বহু জমি লাগবে এবং ঘাটালের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।বিরোধীদের সমালোচনার জবাবে দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান কোনও রাজনৈতিক ইস্যু নয়, এটি মানুষের স্বার্থের প্রকল্প। তিনি দাবি করেন, ২০১৪ সাল থেকে তিনি এই প্রকল্পের জন্য চেষ্টা করছেন এবং ইতিমধ্যে ৭০০ কোটি টাকা মঞ্জুর হয়েছে। ড্রেজিং ও পাম্পিং স্টেশনের কাজও শুরু হয়েছে।তিনি আরও বলেন, ঘাটালের উন্নয়নই তাঁর মূল লক্ষ্য এবং এই প্রকল্প সম্পূর্ণ হলে ঘাটালের মানুষ স্থায়ীভাবে বন্যার হাত থেকে মুক্তি পাবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়