
পশ্চিম বর্ধমান, ২৭ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। শুক্রবার আসানসোলের কল্যাণপুর হাউজিং স্থিত জেলাশাসকের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে জেলাশাসক এস. পোন্নমবলম জানান, নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলাশাসক জানান, নির্বাচনের প্রধান প্রস্তুতিগুলি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পুরো জেলায় মোট ২,৫০৪টি ভোটগ্রহণ কেন্দ্র বা বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথে অন্তত চারজন করে ভোটকর্মী মোতায়েন থাকবেন। ৩০ শতাংশ রিজার্ভ-সহ জেলায় প্রায় ১৪ হাজার ভোটকর্মীকে নিয়োগ করা হয়েছে। যেসব কেন্দ্রে ভোটারের সংখ্যা ১,২০০-র বেশি, সেখানে বাড়তি সুবিধার জন্য ৮৪টি সহায়ক বুথ তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে।
ভোটকর্মীদের প্রশিক্ষণও পুরোদমে শুরু হয়েছে বলে জানান জেলাশাসক। প্রথম দফার প্রশিক্ষণ রবিবার পর্যন্ত চলবে। শুক্রবার ২৭ মার্চ দুর্গাপুর এনআইটি এবং শনিবার ২৮ মার্চ আসনসোলের ডিএভি পাবলিক স্কুলে ভোটকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
ভোটারদের উৎসাহিত করতে বিশেষ বুথের ব্যবস্থাও থাকছে জেলায়। জেলাশাসক জানান, মহিলাদের দ্বারা পরিচালিত ২৪৩টি ‘পিঙ্ক বুথ’ তৈরি করা হচ্ছে। এ ছাড়া প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মোট ৯টি ‘মডেল বুথ’ থাকবে। বিশেষভাবে সক্ষম কর্মীদের দ্বারা পরিচালিত একটি বিশেষ বুথও স্থাপন করা হবে। জেলাশাসক আশ্বস্ত করেছেন যে, প্রশাসন একটি স্বচ্ছ, নিরাপদ এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পুরোপুরি প্রস্তুত।
হিন্দুস্থান সমাচার / সোনালি