
হাইলাকান্দি (অসম), ২৭ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার হাইলাকান্দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে।
জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হল-এ আয়োজিত এই কর্মসূচিতে নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন সাধারণ পর্যবেক্ষক জি ভিরাপান্ডিয়ান, ব্যয় পর্যবেক্ষক দেবাশিস বিশ্বাস, জেলা নির্বাচন আধিকারিক অভিষেক জৈন এবং পুলিশ অবজারভার।
তাঁরা নির্বাচন সংক্রান্ত বিধি-নিষেধ, ব্যয় নিরীক্ষণ পদ্ধতি, আদর্শ আচরণবিধি মেনে চলার প্রয়োজনীয়তা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিশদভাবে আলোকপাত করেন।
এদিনের প্রশিক্ষণ শিবিরে ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার মনসুর আহমেদ মজুমদার এবং ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রের রিটার্নিং অফিসার অন্তরা সেন, অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী ও ঋষিকেশ বরুয়া, ট্রেনিং সেলের সহকারী আধিকারিক প্রসেনজিৎ দেব ও হোসেন মহম্মদ মোবিন সহ জেলা প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শিবিরে প্রার্থীদের পাশাপাশি তাঁদের নির্বাচনী এজেন্টদেরও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিধি-নিষেধ, ব্যয় নিরীক্ষণ এবং আদর্শ আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়ায় কোনও ধরনের অনিয়ম না ঘটে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে এবং ভোটারদের আস্থা অটুট রাখতে সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের সহযোগিতা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১২১ হাইলাকান্দি এবং ১২২ আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা আজকের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এদিন ড. পিনাকপানি নাথচৌধুরী ও ড. মিঠুন নাথ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রার্থী ও তাঁদের এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস