
মুম্বই, ২৭ মার্চ (হি.স.): আরও তলিয়ে গেল টাকার দর। প্রতি ডলার এক ধাক্কায় ৮৬ পয়সা উঠে পৌঁছে গেল ৯৫ টাকার দোড়গোড়ায়। দিনের শেষে থামল ৯৪.৮২ টাকায়। এক দিকে বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি এবং অন্য দিকে টাকার দরের এই পতন চিন্তা বাড়াচ্ছে আমদানি খরচ বৃদ্ধি নিয়ে।
এদিকে, দু’দিনের উত্থানের পরে শুক্রবার ফের নামল শেয়ার বাজার। সেনসেক্স ১৬৯০.২৩ পয়েন্ট নেমে থামল ৭৩,৫৮৩.২২ অঙ্কে। নিফটি ৪৮৬.৮৫ পয়েন্ট পড়ে হল ২২,৮১৯.৬০ অঙ্ক। আমেরিকার যুদ্ধ থামানোর প্রস্তাব ইরান অস্বীকার করায় ভূ-রাজনৈতিক দোলাচল কমার লক্ষণ দেখা যাচ্ছে না। উপরন্তু আন্তর্জাতিক বাজারে ফের ব্যারেলে ১১০ ডলারের কাছে পৌঁছেছে অশোধিত তেলের দাম। ডলারের সাপেক্ষে রেকর্ড তলানিতে নেমেছে টাকার দর। এই সবই সূচককে টেনে নামিয়েছে। আগামী সপ্তাহেও বাজারে অস্থিরতা বজায় থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ