
আগরতলা, ২৭ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় চুরি যাওয়া একটি মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত অভিযুক্তের নাম বিশাল দাস। তার বাড়ি সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন মুড়াবাড়ি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ গভীর রাতে আগরতলার বোধজংনগর গার্লস স্কুল সংলগ্ন বিক্রম দেববর্মার বাড়ি থেকে একটি মোটরবাইক চুরি যায়। ঘটনার পরপরই পূর্ব আগরতলা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের অগ্রগতিতে বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে চুরি হওয়া বাইকটি মধুপুরের কোনাবন সীমান্ত সংলগ্ন এলাকায় দেখা গেছে। এরপরই পূর্ব আগরতলা থানার পুলিশ মধুপুর থানার পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এছাড়াও তদন্তের ভিত্তিতে বাইক চুরির সঙ্গে যুক্ত সন্দেহভাজন যুবকের পরিচয় শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার রাতেই পুলিশ বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বিশাল দাসকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
শুক্রবার পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান, ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ