
নৈনিতাল, ২৭ মার্চ (হি.স.) : উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে হলদোয়ানি-আলমোড়া জাতীয় সড়কের জিওলিকোট-ভাওয়ালি রুটের ভূমিয়াধর-খুপি এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হলদোয়ানি থেকে পিথোরাগড়গামী একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোড়ে উল্টে যায় এবং সামনে থাকা একটি বোলেরো গাড়ির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার সময় বাসে চালকসহ প্রায় ১৫-১৬ জন যাত্রী ছিলেন।
এই ঘটনায় পিথোরাগড় জেলার দিদিহাটের বাসিন্দা সুনীল কুমার (৩০)-এর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ও এসডিআরএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এসডিআরএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনার খবর পাওয়া যায় এবং দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে বাসের নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করা হচ্ছে, যদিও পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনকে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। গুরুতর আহতদের প্রয়োজন হলে এয়ারলিফট করার কথাও বলা হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের চিকিৎসা চলছে এবং পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন