
আগরতলা, ২৭ মার্চ (হি.স.) : ত্রিপুরায় বিদ্যালয়গুলিতে চলমান কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প আগামী ৩১ মার্চ থার্ড পার্টির তত্ত্বাবধানে শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে থার্ড পার্টির ব্যবস্থাপনা থেকে মুক্ত করে সরাসরি বিদ্যালয়গুলির মাধ্যমে প্রশিক্ষণ চালু রাখা এবং সংশ্লিষ্ট কম্পিউটার শিক্ষকদের নিয়মিতকরণের দাবিতে সরব হয়েছে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ।
শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের ৩৬৫টি বিদ্যালয়ে বর্তমানে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। তবে প্রথম পর্যায়ের এই প্রকল্প ৩১ মার্চ শেষ হয়ে গেলে ওই সমস্ত বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যত বন্ধ হয়ে যাবে। এর ফলে একদিকে যেমন ছাত্র-ছাত্রীরা কম্পিউটার শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে, অন্যদিকে বহু শিক্ষক তাঁদের কর্মসংস্থান হারানোর আশঙ্কায় পড়বেন।
সংগঠনের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শুভঙ্কর রায় বলেন, থার্ড পার্টির মাধ্যমে এই প্রশিক্ষণ ব্যবস্থায় শিক্ষাক্ষেত্রে প্রত্যাশিত সুফল আসছে না। বরং এর সুবিধা পাচ্ছেন মূলত তৃতীয় পক্ষের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই। তিনি দাবি করেন, পার্শ্ববর্তী রাজ্যে ইতিমধ্যেই কম্পিউটার শিক্ষকদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে নিয়ে আসা হয়েছে। ত্রিপুরা সরকারও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে তাঁদের বিশ্বাস।
এই প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী-র কাছে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আবেদন জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার জন্য তাঁরা সময়ও চেয়েছেন বলে জানান শুভঙ্কর রায়।
এছাড়াও তিনি জানান, বৃহস্পতিবার অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের প্রথম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুরনো কমিটি ভেঙে ১৪ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভানেত্রী হিসেবে দুর্গা বর্ধন, সাধারণ সম্পাদক হিসেবে শুভঙ্কর রায় এবং কোষাধ্যক্ষ হিসেবে শুভাশিস ভট্টাচার্য মনোনীত হয়েছেন।
সংগঠনের দাবি, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষক-কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে অবিলম্বে সরকারকে হস্তক্ষেপ করতে হবে, না হলে রাজ্যের কম্পিউটার শিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা লাগতে পারে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ