
নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি। ইন্ডিগোর বিমানে বিপত্তি। বিশাখাপত্তনম থেকে দিল্লি আসছিল বিমানটি। শনিবার আকাশে ওড়ার পরই বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায় বলে জানা যায়। সেই মতো দিল্লি বিমানবন্দরে জারি হয় জরুরি অবস্থা। বিমানবন্দরের ২৮ নং রানওয়েটি প্রস্তুত রাখা হয়। শনিবার সকাল সাড়ে ১০টার কিছু পরে এই ঘটনা ঘটে।
১৬১ জন যাত্রী নিয়ে বিশাখাপত্তনম থেকে দিল্লিতে নামার কথা ছিল ইন্ডিগো উড়ান সংস্থার একটি বিমানের। কিন্তু মাঝআকাশে থাকাকালীনই বোয়িং ৭৩৭ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিকল হয়ে যায় বিমানের ইঞ্জিন। ফলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয় দিল্লি বিমানবন্দরে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দিল্লির দমকল বিভাগকেও। দিল্লি বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়েতে নামার কথা ছিল ইন্ডিগো বিমানটির। ওই রানওয়ে ঘিরে জারি হয় সতর্কতা। গোটা বিমানবন্দর জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। দমকল বাহিনী ছাড়াও অন্যান্য সমস্ত বিভাগকেও সতর্ক থাকতে বলা হয়। তবে শেষ পর্যন্ত বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়, সকাল ১০টা ৫৩ মিনিটে বিমানের জরুরি অবতরণ হয় দিল্লি বিমানবন্দরে। সকল যাত্রী এবং বিমানকর্মীকে নিরাপদে বের করে আনা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ