
নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে যে আলোচনা হয়েছিল, তা কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শনিবার স্পষ্ট করে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “আমরা খবরটি দেখেছি। ২৪ মার্চের টেলিফোনিক কথোপকথন কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই হয়েছিল।” তিনি আরও জানান যে, এই আলোচনা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মত বিনিময়ের একটি সুযোগ ছিল।
বিদেশ মন্ত্রকের এই বার্তা এমন সময়ে এল যখন কিছু সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল যে, শিল্পপতি এলন মাস্কও এই কথোপকথনে অন্তর্ভুক্ত ছিলেন। তথ্য অনুযায়ী, মার্কিন আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল যে এটি একটি অস্বাভাবিক পরিস্থিতি ছিল, যখন কোনও ব্যক্তিগত নাগরিক যুদ্ধকালীন সংকটের সময় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথোপকথনে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, ওই রিপোর্টগুলিতে আরও বলা হয়েছিল যে এলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক সাম্প্রতিক সময়ে উন্নতি হয়েছে। যদিও এটা স্পষ্ট নয় যে মাস্ক এই আলোচনায় কোনও ভূমিকা পালন করেছিলেন কি না।
তথ্য অনুযায়ী, মাস্কের সংস্থাগুলির সঙ্গে সৌদি আরব এবং কাতারের মতো পশ্চিম এশিয়ার দেশগুলোর 'সোভেরেন ওয়েলথ ফান্ড'-এর বিনিয়োগ যুক্ত রয়েছে। পাশাপাশি তিনি ভারতে নিজের ব্যবসায়িক প্রসারের বিষয়েও দীর্ঘ সময় ধরে আগ্রহ প্রকাশ করে আসছেন। তবে বিদেশ মন্ত্রক পুনরায় জানিয়েছে যে, ২৪ মার্চের এই আলোচনা ছিল সম্পূর্ণ দ্বিপাক্ষিক এবং এতে কোনও তৃতীয় পক্ষের অংশগ্রহণ ছিল না।
হিন্দুস্থান সমাচার / সোনালি