হিমাচলে তিন বছরে ৫৮৫টি ডিজিটাল প্রতারণা, জালিয়াতি হয়েছে ১৫০ কোটিরও বেশি টাকা
শিমলা, ২৮ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশে বিগত তিন বছরে ডিজিটাল প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রাজ্য বিধানসভায় দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ৫৮৫টি ডিজিটাল জালিয়াতির মামলা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় প্রায় ১৫০ ক
হিমাচলে তিন বছরে ৫৮৫টি ডিজিটাল প্রতারণা, জালিয়াতি হয়েছে ১৫০ কোটিরও বেশি টাকা


শিমলা, ২৮ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশে বিগত তিন বছরে ডিজিটাল প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রাজ্য বিধানসভায় দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ৫৮৫টি ডিজিটাল জালিয়াতির মামলা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় প্রায় ১৫০ কোটি ১৯ লক্ষ টাকারও বেশি প্রতারণা হয়েছে বলে শনিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

শনিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক ইন্দ্রদত্ত লক্ষণপালের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, বিগত কয়েক বছরে এই ধরনের অপরাধের সংখ্যা দ্রুত বেড়েছে, যা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, কাংড়া জেলায় সর্বাধিক ৫৯টি মামলা নথিভুক্ত হয়েছে। এছাড়া বাড্ডিতে ৫৮ টি , সোলানে ৪১ টি ,মান্ডিতে ৩০ টি , কিন্নৌরে ২৮ টি , সিরমৌরে ২৫ টি , শিমলায় ১৭ টি , উনায় ১৩ টি , নূরপুরে ১২ টি , চম্বা ও কুল্লুতে ১০টি করে মামলা নথিভুক্ত হয়েছে। বিলাসপুরে সর্বনিম্ন একটি মামলা রেকর্ড হয়েছে।

তথ্য অনুযায়ী, মোট ২৬২টি মামলা শুধুমাত্র সাইবার থানাগুলিতেই নথিভুক্ত হয়েছে। এর মধ্যে মান্ডি সাইবার থানায় ১০০টি, ধর্মশালা ও শিমলায় ৮১টি করে মামলা রয়েছে। প্রতারণার অর্থের দিক থেকে শিমলা সাইবার থানায় সর্বাধিক ৫৫ কোটির বেশি টাকার জালিয়াতি ধরা পড়েছে। এছাড়া মান্ডি, ধর্মশালা, চম্বা ও সোলন-সহ একাধিক জেলায় কোটি কোটি টাকার প্রতারণার ঘটনা সামনে এসেছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, কিছু ক্ষেত্রে ব্যাংক কর্মীদের গাফিলতি বা যোগসাজশের অভিযোগও উঠে এসেছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত চারজন ব্যাংক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মোট ২৫৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ১০ কোটিরও বেশি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। সরকার এই ধরনের অপরাধ রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের ১৪৬ টি থানায় সাইবার হেল্প ডেস্ক চালু করা হয়েছে। পাশাপাশি আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং স্কুল-কলেজ ও পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবির আয়োজন করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে ডিজিটাল প্রতারণা একটি গুরুতর সমস্যা হয়ে উঠেছে। তিনি সতর্ক করে বলেন, নথিভুক্ত মামলার বাইরেও আরও অনেক ঘটনা ঘটতে পারে, যা এখনও সামনে আসেনি। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং কড়া পদক্ষেপ গ্রহণই এই সমস্যার সমাধানের একমাত্র উপায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande