
কুমারঘাট (ত্রিপুরা), ২৮ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন উত্তর কুমারঘাট ইন্ডাস্ট্রি রোড এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্জনতার সুযোগ নিয়ে সুভাশিষ দাসের বাড়িতে হানা দেয় চোরের দল। ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা ব্যাপক তছনছ চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক সুভাশিষ দাস জানান, শুক্রবার সকালে ব্যক্তিগত কাজে পরিবারের সবাই আগরতলায় গিয়েছিলেন। সেই সুযোগেই চোরেরা বাড়িতে ঢুকে পড়ে। শনিবার সকালে বড়ভাই দেবাশিষ দাস প্রথম ঘটনাটি লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে কুমারঘাট থানায় খবর দেন। পরে খবর পেয়ে বাড়ির মালিক দ্রুত বাড়িতে ফিরে আসেন।
তিনি জানান, ঘরের আলমারি ভেঙে প্রায় ৩০ থেকে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার এবং আনুমানিক ৪৫ হাজার টাকা নগদ নিয়ে যায় দুষ্কৃতীরা। চোরেরা বাড়ির প্রতিটি ঘর তছনছ করে মূল্যবান জিনিসপত্র খুঁজে বের করে। ঘটনায় পরিবারের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, বাড়ির কিছুটা দূরে আলাদা ঘরে থাকা বড়ভাই দেবাশিষ দাস বলেন, পরিকল্পিতভাবেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। তিনি অভিযোগ করেন, এলাকায় ক্রমাগত চুরির ঘটনা বাড়লেও পুলিশের পক্ষ থেকে স্থায়ী সমাধান মিলছে না। তাঁর মতে, রাজ্যে বেকারত্ব বৃদ্ধি এবং একাংশ যুবকের মাদকাসক্তি এই ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।
খবর পেয়ে কুমারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত চোরেদের কোনও সন্ধান মেলেনি। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি উঠেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ