
আরামবাগ, ২৮ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে গোঘাটে রাজনৈতিক লড়াই ক্রমশই তীব্র আকার নিচ্ছে। শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত হয়ে উঠছে গোটা এলাকা। এরই মধ্যে শনিবার গোঘাটের বেঙ্গাই অঞ্চলে জোরদার প্রচার চালালেন বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী মুক্তারাম ধাউড়ে।এদিন সকাল থেকেই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রাম ও পাড়ায় প্রচারে নামেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তুলে ধরেন বামফ্রন্টের প্রতিশ্রুতি ও রাজনৈতিক অবস্থান। প্রচারে উঠে আসে কৃষকদের সমস্যা, বেকারত্ব, শিক্ষার মানের অবনতি ও নারী নিরাপত্তার মতো একাধিক ইস্যু।প্রচারের ফাঁকেই শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুক্তারাম ধাউড়ে। তাঁর অভিযোগ, বর্তমান শাসনে সাধারণ মানুষ বঞ্চিত এবং উন্নয়নের নামে শুধুই প্রচার চলছে। পাশাপাশি রাজ্যে দুর্নীতি ও গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার অভিযোগও তোলেন তিনি।অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, জনসমর্থন হারিয়ে বামফ্রন্ট এখন ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক জমি ফিরে পেতে চাইছে।সব মিলিয়ে গোঘাটে নির্বাচনী লড়াই আরও তীব্র হচ্ছে। ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ, যা জেলার সামগ্রিক ভোট সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA