
আগরতলা, ২৮ মার্চ (হি.স.) : নেশা বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল আমতলি থানার পুলিশ। বোলেরো পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৫৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য ৫৭ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে আমতলি বাইপাস সড়কের নাকা পয়েন্টে নিয়মিত গাড়ি তল্লাশির সময় এই সাফল্য আসে। এসআই রনব্রত ঘোষের নেতৃত্বে পুলিশ টিম গাড়ি চেকিং চালাচ্ছিল। সেই সময় টিআর০৭-এ-১৮৩৪ নম্বরের একটি বোলেরো পিকআপ ভ্যানকে সন্দেহজনক মনে হলে সেটিকে আটক করা হয়।
পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে মোট ১৭টি প্যাকেট থেকে ৫৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ৩৪ কেজি করে গাঁজা রাখা ছিল বলে জানা গেছে। ঘটনাস্থল থেকেই গাড়ির চালক প্রসেনজিৎ দেবনাথ ওরফে কালুকে আটক করে পুলিশ। তার বাড়ি মধুপুর থানার অন্তর্গত কোনাবন এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, উদ্ধারকৃত গাঁজা কোনাবন এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং সেখান থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই চক্র সক্রিয় ছিল। তবে পুলিশের তৎপরতায় পাচারকারীদের সেই পরিকল্পনা ভেস্তে যায়।
আমতলি থানার ওসি জানান, ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং শনিবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ