
হুগলি, ২৯ মার্চ (হি.স.): ভোটের আগেই হুগলির গোঘাট বিধানসভায় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার সাতবেড়িয়া এলাকায় রাজনৈতিক প্রচার ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, পুলিশের তৈরি ব্যারিকেড উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল এগিয়ে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় এলাকায় বিজেপির প্রচার কর্মসূচি চলছিল। দুই পক্ষ যাতে মুখোমুখি হয়ে না পড়ে এবং কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই উদ্দেশ্যে আগেভাগেই গোঘাট প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড বসানো হয় এবং এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী। কিন্তু অভিযোগ, সেই সব নিরাপত্তা ব্যবস্থা অগ্রাহ্য করেই তৃণমূলের মিছিল ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়।এর জেরে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক কর্মীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয় এবং সাধারণ মানুষের মধ্যেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। প্রশাসনের কড়া নজরদারির মধ্যেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।ঘটনার পর দ্রুত তৎপর হয় পুলিশ ও প্রশাসন। দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও, এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।এদিকে, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়াতেই তৃণমূল এই কাজ করেছে। যদিও পাল্টা তৃণমূলের দাবি, বিজেপিই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA