
ধর্মনগর (ত্রিপুরা), ২৯ মার্চ (হি.স.) : নিজের বাড়ির পুকুরে স্নান করতে নেমে মর্মান্তিকভাবে জলে ডুবে মৃত্যু হল সরকারি কর্মচারীর। মৃতের নাম বাপন নায়েক (৪৫)। তিনি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের মহেশপুর ছয়ধোন লাইন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বাপন নায়েক বিদ্যুৎ নিগমের কদমতলা সাব-ডিভিশনের অধীন রানীবাড়ি এলাকার কল সেন্টারে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বিকেল আনুমানিক সাড়ে চারটা নাগাদ তিনি প্রতিদিনের মতো স্নান করার জন্য নিজের বাড়ির পুকুরে নামেন। কিন্তু দীর্ঘক্ষণ ধরে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
সন্ধ্যার দিকে পাশের বাড়ির তাঁর ভাগ্নে বিশাল কর্মকার পুকুরে অস্বাভাবিক কিছু দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনকে খবর দেওয়া হয়। দ্রুত বাপন নায়েককে পুকুর থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দিপাল চাকমা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কদমতলা থানার এএসআই জগদানন্দ গোস্বামী পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে এবং ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে পাঠায়। রবিবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে করা হচ্ছে, যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার-পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের কাকাতো ভাই বীরেন নায়েক বলেন, “ও খুবই পরিশ্রমী এবং শান্ত স্বভাবের মানুষ ছিল। হঠাৎ এভাবে চলে যাবে ভাবতেই পারছি না।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ