
বক্সনগর (ত্রিপুরা), ২৯ মার্চ (হি.স.) : কয়েক বছর ধরে পরিশ্রুত পানীয় জলের আশায় রাজ্য সরকার ও টিটিএএডিসি প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সমাধান না মেলায় ক্ষোভে ফুঁসছে প্রায় ৫০টি পরিবারের লোকজন। ঘটনাটি সিপাহীজলা জেলার কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত টিটিএএডিসি ভিলেজ কালিখলার জগৎ দাস বৈরাগীপাড়া ও ভেল কুমার চৌধুরীপাড়া এলাকায়। রবিবার সংবাদমাধ্যমকে ডেকে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন এলাকার মহিলারা।
এদিন এলাকাবাসীর পক্ষ থেকে মঞ্জু রানী দেববর্মা, গীতা রানী ত্রিপুরা, বিজু রানী ত্রিপুরা ও ফাতেমা আক্তার সহ অন্যান্য মহিলারা জানান, বহু বছর আগে সরকারি উদ্যোগে বাড়ি বাড়ি পাইপলাইনের ব্যবস্থা করা হলেও আজ পর্যন্ত সেই লাইনে এক ফোঁটা জলও পৌঁছায়নি। ফলে প্রতিশ্রুতি কেবল কাগজেই সীমাবদ্ধ থেকে গেছে বলে অভিযোগ তাঁদের।
স্থানীয়দের বক্তব্য, বারবার সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে বাধ্য হয়ে এলাকার মানুষ পুকুরের জল সংগ্রহ করে পান করছেন। এর ফলে শিশু থেকে বৃদ্ধ—সকলেই নানা জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এলাকার মহিলারা আরও জানান, প্রতিদিন দূর-দূরান্ত থেকে জল সংগ্রহ করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। গরমের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বহু পরিবার পরিশ্রুত পানীয় জলের অভাবে কষ্টে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।
এই পরিস্থিতিতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থান নিয়েছেন এলাকাবাসী। তাঁরা জানিয়ে দিয়েছেন—নির্বাচনের আগে যদি স্থায়ীভাবে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা না করা হয়, তবে তাঁরা ভোটকেন্দ্রে যাবেন না। এলাকাবাসীর এই ভোট বয়কটের হুঁশিয়ারিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ