
মুর্শিদাবাদ, ২৯ মার্চ (হি.স.): রবিবার নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগেই সভাস্থলের কাছে বিশৃঙ্খলা ছড়ায়। ওঠে মারধরের অভিযোগও। হয় চেয়ার ছোঁড়াছুঁড়িও। নওদা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীকে ঘিরে বিক্ষোভও প্রকাশ্যে আসে। নওদা বিধানসভা কেন্দ্রে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন ওরফে মধু বনাম তৃণমূলের নওদা ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ ওরফে হাবিবের সম্পর্ক ‘অম্ল-মধুর’ বলেই মত রাজনৈতিক মহলের। অভিযোগ, এ দিন সভা মঞ্চের চেয়ার দখল করে মোশারফ হোসেনের অনুগামীরা চেয়ার দখল করে বসে থাকায় চটে যান হাবিব অনুগামীরা। ওই মোশারফ অনুগামীদের জোর করে উঠিয়ে দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বলে প্রাথমিক ভাবে সামনে এসেছে।
অভিষেক যখন মঞ্চে ওঠেন, তখন ওই বিশৃঙ্খলা মিটে গিয়েছিল। তবে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে এ দিনের সভায় অভিষেক কড়া বার্তা দিয়ে বলেন, আমার সবার উপরে নজর আছে। যদি কেউ ভাবেন, বিশৃঙ্খলা করবেন দলকে চাপে রাখার জন্য, দল তাঁকে ক্ষমা করবে না। আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আমার ব্যক্তিগত ভাবে পছন্দ-অপছন্দের কোনও বিষয় নেই।
সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের নওদার নির্বাচনী সভা থেকে দলেরই একাংশকে সতর্ক করে দিতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে থেকে কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে অন্তর্ঘাত করলে, ভোটের পরে তার ‘ব্যবস্থা’ও হুঁশিয়ারি দিয়ে দিলেন তৃণমূলের সেনাপতি। নওদার তৃণমূল প্রার্থী সাইনা মুমতাজের সমর্থনে রবিবার সভা করেন অভিষেক। সেখানেই তিনি বলেন, যে দলের জার্সি পরে আছেন, সেই দলের হয়েই খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে ভোটের পরে লাল কার্ড দেখতে হবে। তার পর এমন হবে যে সারাজীবন মাঠেই ঢুকতে পারবেন না।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ