টিটিএএডিসি নির্বাচন : মাছমারা কেন্দ্রে কংগ্রেসের বাইক রেলি
কুমারঘাট (ত্রিপুরা), ২৯ মার্চ (হি.স.): ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রচারের ময়দানে এগিয়ে থাকতে মরিয়া হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলি।
কংগ্রেসের বাইক রেলি


কুমারঘাট (ত্রিপুরা), ২৯ মার্চ (হি.স.): ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রচারের ময়দানে এগিয়ে থাকতে মরিয়া হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলি। এরই মাঝে ঊনকোটি জেলার মাছমারা কেন্দ্রে শক্তি প্রদর্শনে বাইক রেলি করল কংগ্রেস।

রবিবার মাছমারা বাজার সংলগ্ন কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই বাইক রেলি শুরু হয়। রেলিটি কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। কংগ্রেস প্রার্থী অর্জুন রায়ের সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সত্যবান দাসসহ দলের একাধিক নেতা-কর্মী।

কর্মসূচি থেকে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা টিটিএএডিসি এলাকায় বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, পাহাড় এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ সমস্যা প্রকট আকার ধারণ করেছে এবং পরিকাঠামোর অভাবে বিদ্যালয়গুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। তাঁর দাবি, বিজেপি ও তিপ্রা মথার শাসনে টিটিএএডিসি এলাকার উন্নয়ন কার্যত থমকে রয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য কংগ্রেসই একমাত্র বিকল্প বলেও দাবি করেন তিনি। আসন্ন নির্বাচনে পাহাড়ে কংগ্রেসের জয় নিশ্চিত বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন যুব কংগ্রেস সভাপতি।

অন্যদিকে, কংগ্রেস প্রার্থী অর্জুন রায় বলেন, টিটিএডিসি এলাকার মানুষ বর্তমানে চরম হতাশার মধ্যে রয়েছেন এবং শাসকদল বিজেপি কিংবা তিপ্রা মথার প্রতি তাঁদের আস্থা আর নেই। তিনি দাবি করেন, পাহাড়ে একটি সুস্থ ও স্বচ্ছ প্রশাসন গঠনের লক্ষ্যে মানুষ কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছেন। উন্নয়নের নামে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বর্তমান শাসকগোষ্ঠী বলেও অভিযোগ করেন তিনি।

প্রার্থী আরও বলেন, টিটিএএডিসি এলাকায় দুর্নীতি ও অনিয়ম বৃদ্ধি পেয়েছে এবং শাসক জোটের শরিক দলগুলির মধ্যে পারস্পরিক দোষারোপে তা স্পষ্ট। এই পরিস্থিতিতে পরিবর্তনের প্রত্যাশায় জনগণ কংগ্রেসের দিকে ঝুঁকছেন বলে দাবি তাঁর।

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে টিটিএএডিসি নির্বাচন। মাছমারা কেন্দ্রসহ রাজ্যের বিভিন্ন আসনে বিজেপি, তিপ্রা মথা, কংগ্রেস এবং সিপিআই(এম)-এর শরিক দল ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার ও শক্তি প্রদর্শন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande