
শিলিগুড়ি, ৪ মার্চ (হি. স.):- ফের হিট অ্যান্ড রানের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি শহরে। এবার ঘটনাস্থল ৩৩ নম্বর ওয়ার্ড এলাকা। সেবক রোডের মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা, তার মধ্যেই নতুন করে পথ দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। গুরুতর আহত হয়েছেন অঙ্কিতা দাস নামে এক যুবতী।বুধবার আহতের ভাই অভয় দাস জানান, গতকাল রাতে কাজ সেরে লেকটাউন এলাকা হয়ে বাড়ি ফিরছিলেন অঙ্কিতা। সেই সময় একটি দ্রুতগতির গাড়ি আচমকা ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। রাস্তায় গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে তাঁকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা এবং দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান।পরে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। পরিবারের অভিযোগ, ঘটনার সময় পুলিশি সহায়তা মেলেনি। উল্টে কোন থানার অধীনে মামলা হবে তা নিয়ে দুই থানার মধ্যে টালবাহানার শিকার হতে হয়েছে তাঁদের।পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত গাড়িটিকে আটক করা হয়েছে এবং চালককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শহরে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কড়া ট্রাফিক নজরদারির দাবি তুলেছেন বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়