

গুয়াহাটি, ৪ মাৰ্চ (হি.স.) : গুয়াহাটির ভরালুমুখ এলাকায় বহুপ্রতীক্ষিত ‘দীনেশ গোস্বামী ফ্লাইওভার’-এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ বুধবার রাজ্য সরকারের চলমান নগর পরিকাঠামো উন্নয়ন কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে ‘দীনেশ গোস্বামী ফ্লাইওভার’। ফ্লাইওভার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এলাকায় রেলওয়ে ক্রসিং থাকায় দীর্ঘদিন ধরে বাসিন্দাদের তীব্র যানজটের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, আজ গুয়াহাটি শহরে আরেকটি ফ্লাইওভার উদ্বোধন করা হলো। রেলওয়ে ক্রসিঙের দরুন মানুষ দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছেন। এই ফ্লাইওভার চালু হওয়ার ফলে এখন তাঁরা স্বস্তি পাবেন।
প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১.২ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার শহরে যানবাহন চলাচলের দুটি গুরুত্বপূর্ণ এলাকা ভরলুমুখ ও শান্তিপুরের সংযোগস্থলকে যুক্ত করেছে। প্রকল্পটি আগে ১০ মার্চের মধ্যে উদ্বোধনের কথা ছিল। গত মাসে পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কাজ প্রায় শেষের পথে। সরকার গুরুত্বপূর্ণ পৰিকাঠামো প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করতে বদ্ধপরিকর।
এই উড়ালপুল চালু হওয়ার সঙ্গে সঙ্গেই রেলওয়ে গেট নম্বর ৯ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ট্রেন চলাচলের ফলে সৃষ্ট ঘনঘন বিলম্বের অবসান ঘটবে। এখন যাত্রীদের জন্য একটি বিকল্প উড়ালপুল উপলব্ধ হয়েছে, যা ভরালুমুখ মোড়ের দীর্ঘস্থায়ী যানজট অনেকটাই কমাবে এবং শহরের পশ্চিমাংশে যাতায়াতের সময় হ্রাস করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে এর আগে সোশ্যাল মিডিয়ায় লাইভ ভাষণে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ফ্লাইওভারটির নাম প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী দীনেশ গোস্বামীর নামে রাখা হয়েছে। অসম ও জাতীয় রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ড. শর্মা।
অসম গণ পরিষদের জ্যেষ্ঠ নেতা দীনেশ গোস্বামীকে মুখ্যমন্ত্রী কৃতিত্ব দিয়ে বলেন, তিনি অসমের জন্য কেন্দ্রীয় অনুদানের অংশ ৭০:৩০ অনুপাত থেকে ৯০:১০ অনুপাতে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যে অর্থায়ন কাঠামো আজও রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলিকে সহায়তা করে চলেছে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘তাঁর নামে এই ফ্লাইওভারের নামকরণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’ দীনেশ গোস্বামী ফ্লাইওভারের উদ্বোধন গুয়াহাটির নগর আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস