
পুরাতন মালদা, ৫ মার্চ (হি. স.) : হোলির পরের দিন সকালেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদায়। বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি হালদার পাড়া চড়ক মাঠ সংলগ্ন মহানন্দা নদীর ধারে জলে ভাসতে দেখা যায় প্রায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তির দেহ।স্থানীয় বাসিন্দারা নদীতে দেহটি ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মালদা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই নদীপাড়ে ভিড় জমান বহু কৌতূহলী মানুষ।ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর শ্যাম মণ্ডল জানান, মৃত ব্যক্তি তাঁদের এলাকার বাসিন্দা নন এবং এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অসুস্থ অবস্থায় মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কীভাবে তিনি নদীতে এলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।॥ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা এবং তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়