
কলকাতা, ৫ মার্চ (হি. স.) : পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে বাহরিনে আটকে পড়েছেন হাওড়ার ডোমজুড়ের যুবক সুরজিৎ মণ্ডল। সোমবার, ৯ মার্চ তাঁর বিয়ের দিন নির্ধারিত রয়েছে। কিন্তু বিদেশের মাটিতে আটকে পড়ায় নির্দিষ্ট সময়ে তিনি দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন দুই পরিবারের সদস্যরা। ডোমজুড়ের নারনা গ্রামের বাসিন্দা ২৭ বছর বয়সি সুরজিৎ গত প্রায় পাঁচ বছর ধরে বাহরিনের হিড শহরে সোনার পালিশের কাজ করছেন। পারিবারিক পছন্দ অনুযায়ী প্রায় ছয় মাস আগে তাঁর বিয়ের দিনক্ষণ স্থির হয়েছিল। ৯ মার্চের সেই বিয়ের প্রস্তুতি সম্পন্ন করে ইতিমধ্যেই দুই পক্ষের আত্মীয়স্বজনদের নিমন্ত্রণও সেরে ফেলা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের জন্য গত ১ মার্চ দেশে ফেরার বিমানের টিকিট কাটা ছিল সুরজিতের। কিন্তু ওই অঞ্চলে হঠাৎ যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় বিমান পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। বাহরিনের মুহাররক বিমানবন্দর থেকে বর্তমানে কোনো বিমান চলাচল করছে না বলে জানা গিয়েছে। এমতাবস্থায় বিয়ের পিঁড়িতে বসার কথা থাকলেও সুরজিৎ নির্ধারিত লগ্নে ছাদনাতলায় পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। ডোমজুড়ের মণ্ডল পরিবার এখন কেবল ভগবানের প্রার্থনা আর প্রশাসনের বিশেষ কোনো সাহায্যের আশায় দিন গুনছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত