
স্বরূপনগর, ৫ মার্চ (হি. স.) : ভোটার তালিকা থেকে একাধিক বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাংলানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ উঠেছে, স্বরূপনগরের ১৯৯ নম্বর বুথে মোট ৮০২ জন ভোটারের মধ্যে ৩৬ জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা।বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এমনও পরিবার রয়েছে যেখানে পাঁচজন সদস্যের মধ্যে চারজনের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ফলে অনেকেই বুঝে উঠতে পারছেন না কীভাবে পুনরায় নাম তোলার জন্য আবেদন করতে হবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে।পুতুল ঢালী নামে এক বৃদ্ধা অভিযোগ করে বলেন, “মুজিবুর রহমান যখন বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিল, তখন আমরা সেখান থেকে এপারে চলে আসি। এখন এখানে এসে সরকারের কাছেই লাথি খেতে হচ্ছে। সরকারের যদি আমাদের প্রয়োজন না থাকে, তাহলে আমাদের আর ভোটার করার দরকার নেই।”এলাকার এক পঞ্চায়েত সদস্যের দাবি, নির্বাচন কমিশনের গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও সংশ্লিষ্ট বুথের ব্লক লেভেল অফিসার (বিএলও) জানিয়েছেন, তিনি সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিয়েছিলেন। এরপর নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নিয়েছে, তা তাঁর জানা নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়