
কোচবিহার, ৫ মার্চ (হি. স.): ‘রথযাত্রা’ শুরুর পর বুধবার মাঝরাস্তাতেই সেই কর্মসূচির ‘রথ’ অর্থাৎ গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। যা নিয়ে বুধবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহার ২ নম্বর ব্লকের রাজারহাট সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার ওই ভাঙা গাড়ি নিয়েই বিজেপি নেতাকর্মীরা বের হন। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।
গত রবিবার কোচবিহারে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
বিজেপির অভিযোগ, বুধবারের ঘটনায় স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।
উদ্বোধনের পরই তিনদিন দোলযাত্রার জন্য কার্যত থমকে থাকার পর বৃহস্পতিবার থেকে ফের সেই রথের পরিক্রমা শুরু করানোর পরিকল্পনা নিয়েছিল বিজেপি। বৃহস্পতিবার এই ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে সভা করতে কোচবিহারে শীতলকুচিতে আসার কথা রয়েছে একাধিক বিজেপি নেতার।
জানা যায়, বুধবার রাতে বিজেপির সেই রথ নিরাপদে রাখার জন্য কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের পুন্ডিবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে পৌঁছানোর আগেই রথ আটকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত