
আগরতলা, ৫ মার্চ (হি.স.) : দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত নেশাকারবারি রাজা সাহা। বুধবার গভীর রাতে রাজধানী আগরতলায় মোটরস্ট্যান্ড সংলগ্ন শনিতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পূর্ব আগরতলা থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ আগস্ট খয়েরপুর-আমতলি বাইপাস রোডের একটি ধাবার সামনে থেকে আমতলি থানার পুলিশ একটি অটো আটক করে। তল্লাশি চালিয়ে ওই অটো থেকে প্রায় ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। যার আনুমানিক কালোবাজারি মূল্য তিন কোটি টাকারও বেশি বলে জানা যায়। তদন্তে উঠে আসে, বিপুল পরিমাণ এই ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল এবং এর মূল হোতা ছিল পূর্ব আগরতলা থানাধীন টাউন প্রতাপগড় এলাকার কুখ্যাত নেশা কারবারি রাজা সাহা।
ঘটনার পর থেকেই রাজা সাহা পলাতক ছিলেন। তাঁকে ধরতে পূর্ব আগরতলা থানা ও আমতলি থানার পুলিশ একাধিকবার বিভিন্ন জায়গায় অভিযান চালালেও এতদিন পর্যন্ত তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে হোলি উৎসবের দিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযান চালিয়ে মোটরস্ট্যান্ডের শনিতলা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ বৃহস্পতিবার জানান, ধৃত রাজা সাহা পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসেবে চিহ্নিত ছিল। তাঁর বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালেও তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা নথিভুক্ত হয়েছিল। ইয়াবা পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ