৭ মার্চ দুই দিনের ত্রিপুরা সফরে আসছেন উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ
আগরতলা, ৫ মার্চ (হি.স.) : দুই দিনের ত্রিপুরা সফরে আসছেন উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ। রাজ্য সফরকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। জানা গেছে,
সাংবাদিক সম্মেলনে জেলা শাসক


আগরতলা, ৫ মার্চ (হি.স.) : দুই দিনের ত্রিপুরা সফরে আসছেন উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ। রাজ্য সফরকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান।

জানা গেছে, আগামী ৭ মার্চ বিকেলে আগরতলায় পৌঁছবেন উপরাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। একইদিন রাতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু লোকভবনে তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন। সফরকালে তিনি লোকভবনেই রাত্রিযাপন করবেন।

৮ মার্চ সকালে উপরাষ্ট্রপতি প্রথমে আগরতলায় অ্যালবার্ট এক্কা পার্কে অবস্থিত যুদ্ধ স্মৃতিসৌধে শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি উদয়পুরে অবস্থিত ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে দেশ ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজা অর্চনা করবেন।

পরে আগরতলায় ফিরে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়াও হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে ‘লাখপতি দিদি’ প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। সফর শেষে ৮ মার্চ বিকেলে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে আগরতলা ত্যাগ করবেন উপরাষ্ট্রপতি।

এদিকে উপরাষ্ট্রপতির সফরকে ঘিরে প্রশাসনের তরফে জোর প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার পশ্চিম জেলার জেলাশাসকের কনফারেন্স হলে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জেলাশাসক ডাঃ বিশাল কুমার, এমবিবি বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ, রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande