ট্যাঙ্কে ডুবে তিন শিশুর মৃত্যু, গুরুতর অসুস্থ মা
নাগৌর, ৭ মার্চ (হি.স.) : রাজস্থানের নাগৌর জেলার সদর থানা এলাকার বাসওয়ানি গ্রামে একটি জলাধারে (ট্যাঙ্কে) ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় তাদের মা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শিশুদের দ
ট্যাঙ্কে ডুবে তিন শিশুর মৃত্যু, গুরুতর অসুস্থ মা


নাগৌর, ৭ মার্চ (হি.স.) : রাজস্থানের নাগৌর জেলার সদর থানা এলাকার বাসওয়ানি গ্রামে একটি জলাধারে (ট্যাঙ্কে) ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় তাদের মা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শিশুদের দাদু -দিদা মাঠে কাজ করতে গিয়েছিলেন। গভীর রাতে বাড়ি ফিরে তাঁরা দেখেন বাড়ির বাইরে থাকা ট্যাঙ্কের ঢাকনা খোলা। সন্দেহ হওয়ায় ভিতরে তাকিয়ে দেখেন, মা ও তিন শিশু জলের মধ্যে পড়ে রয়েছে। এরপর আশপাশের মানুষকে ডাকা হলে স্থানীয়রা মিলে চারজনকে ট্যাঙ্ক থেকে উদ্ধার করেন।

তৎক্ষণাৎ তাঁদের নাগৌরের জেএলএন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিন শিশুকে মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে রয়েছে যমজ বোন গুঞ্জন (৫) ও অনুষ্কা (৫) এবং তাদের ভাই রুদ্র (২)।

তাদের মা মঞ্জু দেবী (২৫) গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর শিশুদের দিদা সাবুড়ি দেবী শোকে অচেতন হয়ে পড়েন। পরিবারের অন্যান্য সদস্যরাও গভীর শোকাহত। জানা গেছে, শিশুদের বাবা রামপ্রসাদ জয়সালমেরের খাজওয়ানা এলাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। খবর পেয়ে তিনি রাতেই গ্রামে ফিরে আসেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শিশুদের খেলার সময় দুর্ঘটনাবশত ট্যাঙ্কে পড়ে গিয়েছিল কি না, নাকি অন্য কোনও কারণ রয়েছে—তা এখনও স্পষ্ট নয়। পুলিশের মতে, আহত মহিলার শারীরিক অবস্থার উন্নতি হলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande