
কলকাতা, ৭ মার্চ, (হি.স.): রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে পথে নামছে তৃণমূল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ধর্না মঞ্চ থেকে জানান, তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা এলপিজি-র দাম বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করবে। ৮ মার্চ অর্থাৎ রবিবার আন্তর্জাতিক নারী দিবসে মহিলারা কালো শাড়ি পরে সঙ্গে হাতা, খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে ক্রমেই বাড়ছে জ্বালানির খরচ৷ এরই মধ্যে গৃহস্থের রান্নার গ্যাস (এলপিজি) ৬০ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এরই প্রতিবাদে পথে নামছে তৃণমূল৷ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালীন ইচ্ছাকৃতভাবে নাম মুছে ফেলার অভিযোগে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে ধরনা অবস্থানের দ্বিতীয় দিনে মমতা জানান, কেন্দ্র বিকল্প ব্যবস্থা না-করেই জনবিরোধী নীতিতে এলপিজির দাম ইচ্ছামতো বৃদ্ধি করছে। যার বিরুদ্ধে এবার পথে নামবে তৃণমূল। মুখ্যমন্ত্রী বলেন, রবিবার আন্তর্জাতিক নারী দিবস। আমি চন্দ্রিমা ভট্টাচার্যকে অনুরোধ করছি, তাঁরা এলপিজির দাম বৃদ্ধির বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদ সমাবেশ আয়োজন করুন। প্রয়োজনে কালো পোশাক পরুন। আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব৷ গ্যাস নেই, রান্না নেই, গ্যাস নেই, খাবার নেই'- এই স্লোগানকে সামনে রেখে বাংলার মহিলারা রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন বলেও জানান মমতা। সেই সঙ্গে, মহিলাদের হাতা, খুন্তি নিয়ে প্রতিবাদে সামিল হওয়ারও আবেদন করেন মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত