নিখোঁজ কৃষককে উদ্ধারের দাবিতে কৈলাসহরে জাতীয় সড়ক অবরোধ
কৈলাসহর (ত্রিপুরা), ৭ মার্চ (হি.স.) : নিখোঁজ জনৈক কৃষকের সন্ধান না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার পঞ্চমনগর এলাকায় ২০৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দে
জাতীয় সড়ক অবরোধ


কৈলাসহর (ত্রিপুরা), ৭ মার্চ (হি.স.) : নিখোঁজ জনৈক কৃষকের সন্ধান না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার পঞ্চমনগর এলাকায় ২০৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। এর ফলে সড়কের দু'পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং নিত্যযাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

জানা গেছে, কৈলাসহরের মাইলং টিটিএএডিসি ভিলেজের অন্তর্গত পঞ্চমনগর গ্রামের বাসিন্দা রামমোহন দেববর্মা (৬০) গত ৩ মার্চ থেকে নিখোঁজ। পেশায় কৃষক রামমোহন দেববর্মার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। বড় ছেলে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত, ছোট ছেলে বেকার। ছেলে-মেয়ে উভয়েই বিবাহিত।

পরিবারের দাবি, গত ৩ মার্চ দুপুরে তিনি ফটিকরায় এলাকার গঙ্গানগরে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে কুমারঘাটের জয়গুরু ফার্মেসিতে ওষুধ কিনতে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবারের পক্ষ থেকে ওইদিন রাতেই ফটিকরায় থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগ জানানোর পরও পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য তেমন কোনও উদ্যোগ নেয়নি। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ অসৌজন্যমূলক আচরণ করেছে বলেও অভিযোগ উঠেছে।

এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই মাইলং টিটিএএডিসি ভিলেজের বিভিন্ন এলাকার জনজাতি বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই প্রতিবাদে শনিবার সকালে পঞ্চমনগর এলাকায় ২০৮ নম্বর জাতীয় সড়কের উপর শামিয়ানা টাঙিয়ে অবরোধ শুরু করেন তাঁরা। অবরোধে অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই মহিলা।

অবরোধকারীদের দাবি, ঊনকোটি জেলার জেলাশাসক এবং জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে এসে নিখোঁজ রামমোহন দেববর্মাকে দ্রুত খুঁজে বের করার আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না।

অবরোধকারীরা আরও জানান, তাঁরা নিজেরাই কুমারঘাটের জয়গুরু ফার্মেসিতে গিয়ে ৩ মার্চের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছেন। সেখানে রামমোহন দেববর্মার কোনও উপস্থিতি দেখা যায়নি বলে দাবি তাঁদের।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবরোধস্থলে কৈলাসহর থানার বিপুল সংখ্যক পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande