
কলকাতা, ৭ মার্চ (হি.স.) :শনিবার ধর্মতলার ধরনা মঞ্চে ‘ভবানীপুরের ভূত’ হাঁটালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। মমতা ও তৃণমূলের অভিযোগ, বিজেপি ও কমিশন বৈধ ভোটারদের নাম ‘ভ্যানিশ’ করে দিয়েছে। মমতা ও তৃণমূলের অভিযোগ, বিজেপি ও কমিশন বৈধ ভোটারদের নাম ‘ভ্যানিশ’ করে দিয়েছে।
এদিন নাম বাদ যাওয়া এমন কিছু ভোটারদের সামনে আনেন। তাঁদের উদ্দেশ্যে বলেন, “বিজেপি ও কমিশন নাম ভ্যানিশ করেছে। জনগণকে কাগজ দেখান।” এর পর বলেন, “এটা মাত্র কয়টি উদাহরণ। আরও ভোটার রয়েছে। বিজেপির কথায় কমিশন এই কাজ করেছে।”
শুক্রবারই তিনি বলেছিলেন ভবানীপুরে বাদ যাওয়া ‘বৈধ’ ভোটারদের সামনে আনবেন। এদিন জনতার দরবারে বিচার চেয়ে তিনি কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “জনগনের সামনে প্রমাণপত্র নিয়ে এসেছি। ওরা সুপ্রিম কোর্টের রায় অমান্য করছে। সবার আধার কার্ড আছে। বিজেপি বলছে বলে নাম ভ্যানিশ করছে। ওরা বিজ্ঞাপন দেয় ভোটারদের নিয়েই গণতন্ত্র। তাহলে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে কেন? ভারতের জনগণকে জবাব দিতেই হবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত