কৃষকদের সম্মান জানাতে আগরতলায় রাজ্যভিত্তিক ‘আত্মা কৃষি মেলা’-এর উদ্বোধন
আগরতলা, ৭ মার্চ (হি.স.) : কৃষকদের উৎসাহিত করা এবং কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্যভিত্তিক ‘আত্মা কৃষি মেলা’-এর আয়োজন করা হয়েছে। শনিবার আগরতলায় প্রজ্ঞা ভবনে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রত
আত্মা কৃষি মেলার উদ্বোধন


আগরতলা, ৭ মার্চ (হি.স.) : কৃষকদের উৎসাহিত করা এবং কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্যভিত্তিক ‘আত্মা কৃষি মেলা’-এর আয়োজন করা হয়েছে। শনিবার আগরতলায় প্রজ্ঞা ভবনে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দফতরের অধিকর্তা পি ভি জমাতিয়া, পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিজাত পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী ঘুরে দেখেন কৃষিমন্ত্রীসহ অন্যান্যরা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, এই অনুষ্ঠান কেবলমাত্র একটি মেলা বা প্রদর্শনী নয়, এর মূল উদ্দেশ্য অন্নদাতা কৃষকদের সম্মান জানানো। তিনি বলেন, আমরা সরস মেলা, বই মেলা বা শিল্প মেলা করি, কিন্তু যারা আমাদের দু’বেলা ভাতের যোগান দেন সেই কৃষকদের নিয়ে তেমন উদ্যোগ নেওয়া হয় না। সেই চিন্তা থেকেই এই ধরনের কৃষি মেলার আয়োজন করা হয়েছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, বর্তমানে অনেক যুবকও কৃষিকাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক দিক। কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের ওপরও জোর দেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আহ্বান— “তৈরি কর, উৎপাদন কর, সংযোগ স্থাপন কর এবং আরও বেশি রপ্তানি কর।” এই লক্ষ্য সামনে রেখেই কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে দেশের জিডিপি যেমন বৃদ্ধি পাবে, তেমনি রাজ্যের জিএসডিপিও বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।

এই রাজ্যভিত্তিক 'আত্মা কৃষি মেলা'-তে ১০ জন নির্বাচিত কৃষককে সংবর্ধনা দেওয়া হবে এবং তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হবে বলেও জানান মন্ত্রী।

এছাড়াও তিনি জানান, এই ধরনের কৃষি মেলা ভবিষ্যতে জেলা ও ব্লক স্তরেও আয়োজন করা হবে। জেলা স্তরের মেলায় আটটি জেলার মোট ৮০ জন কৃষককে সম্মাননা জানিয়ে তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে। একইভাবে ব্লক স্তরের মেলায় রাজ্যের বিভিন্ন ব্লক থেকে মোট ৩০০ জন কৃষককে সম্মান জানিয়ে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের পাশে কৃষি দফতর, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা রয়েছেন। কৃষকদের আরও বেশি উৎপাদনে উৎসাহিত করাই সরকারের লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande