
কলকাতা, ১ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় আইনি বিপাকে জড়ালেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। ঋণ সংক্রান্ত এক বিবাদকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে তাঁর বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হয়েছে। হুগলির ব্যবসায়ী শাহিদ ইমাম এই মামলাটি দায়ের করেছেন। আদালত সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আদালত এই বিষয়ে সোহম চক্রবর্তী বা তাঁর প্রতিনিধিকে পরবর্তী শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।
আবেদনকারী শাহিদ ইমামের অভিযোগ, ২০২১ সালে সোহম চক্রবর্তীর সঙ্গে যুক্ত একটি বাংলা চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি বিনিয়োগ করেছিলেন। তাঁর দাবি অনুযায়ী, তিনি মোট ৬৮ লক্ষ টাকা দিয়েছিলেন, যার মধ্যে ২৫ লক্ষ টাকা ফেরত পেয়েছেন। কিন্তু অবশিষ্ট প্রায় ৪৩ লক্ষ টাকা এখনও মেটানো হয়নি। আবেদনকারী আরও অভিযোগ করেছেন যে, বকেয়া টাকা ফেরত চাওয়ায় তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। এই মর্মে কলকাতার চারু মার্কেট থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শাহিদ ইমাম গ্রেফতার হয়েছিলেন এবং ২০২৪ সালে জামিন পান। জেল থেকে বেরিয়েই তিনি তাঁর বকেয়া পাওনা আদায়ের প্রক্রিয়া শুরু করেন। তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে বকেয়া টাকা পরিশোধের দাবিতে সোহম চক্রবর্তীকে একটি আইনি নোটিশও পাঠানো হয়েছিল। ওই নোটিশ অনুসারে, ২৯ জুলাই ২০২১ তারিখে 'মানিক জোড়' নামক একটি চলচ্চিত্র নির্মাণের জন্য দুই পক্ষের মধ্যে একটি লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি মোতাবেক আবেদনকারীর ১ কোটি টাকা বিনিয়োগ করার কথা ছিল, যার প্রাথমিক পর্যায়ে তিনি ৬৮ লক্ষ টাকা প্রদান করেন। তবে অভিযোগ উঠেছে যে, ছবির নির্মাণ কাজ শুরু হয়নি এবং চিত্রনাট্য বা শুটিংয়ের ক্ষেত্রেও কোনও অগ্রগতি দেখা যায়নি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাহিদ ইমাম জানান, সোহম চক্রবর্তী পরবর্তীকালে দুই কিস্তিতে ২৫ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি টাকা দেননি, যার ফলে তাঁকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে। উল্লেখ্য, সোহম চক্রবর্তী বর্তমানে নদিয়া জেলার করিমপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন। ভোটের মুখে এই আইনি জটিলতা তাঁর অস্বস্তি বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / সোনালি