
ঝাড়গ্রাম, ১ এপ্রিল (হি.স.): নির্বাচনী প্রচারের মধ্যেই বিরোধী দলের প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক সৌজন্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাত। বুধবার রোহিনী ব্লকের ধানঘোরী অঞ্চলের দুধিয়ানালা গ্রামে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়ে রাস্তার ধারে পড়ে থাকা একটি তৃণমূল কংগ্রেসের পতাকা তাঁর নজরে আসে।
প্রায় ৮-৯ ফুট লম্বা বাঁশের দণ্ডসহ পতাকাটি ধুলো ও কাদায় মাখামাখি অবস্থায় পড়ে ছিল। বিরোধী দলের পতাকা হওয়া সত্ত্বেও সেটিকে অবহেলায় ফেলে না রেখে নিজেই তুলে নেন তিনি। ধুলো ঝেড়ে পরিষ্কার করে কিছুটা দূরে গিয়ে পুনরায় সেটি মাটিতে পুঁতে দেন।
এ প্রসঙ্গে রাজেশ মাহাত বলেন, “যে দলেরই পতাকা হোক, সেটিকে মাটিতে পড়ে থাকতে দেখে তুলে যথাস্থানে লাগানো আমার কর্তব্য বলে মনে হয়েছে। রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, তবে সৌজন্যতা বজায় রাখা সবারই উচিত।”
ঘটনাটি ঘিরে এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, উত্তপ্ত নির্বাচনী পরিবেশে এই ধরনের আচরণ পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের বার্তা বহন করে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো