প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের আদর্শ অনুসরণের বার্তা স্মৃতিচারণ অনুষ্ঠানে
আগরতলা, ১ এপ্রিল (হি.স.): গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে বুধবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে তাঁর বাসভবনের সামনে এক স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থি
দিলীপ সরকারের স্মরণসভা


আগরতলা, ১ এপ্রিল (হি.স.): গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে বুধবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে তাঁর বাসভবনের সামনে এক স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার সহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা। এদিন সকলে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, প্রয়াত বিধায়ক দিলীপ সরকার মানুষের প্রতি তাঁর দায়িত্ববোধ, নিষ্ঠা ও ভালোবাসার জন্য আজও সবার হৃদয়ে জীবিত। তিনি বলেন, “আমাদের প্রত্যেককে তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। মানুষের জন্য কাজ করার যে মানসিকতা তিনি দেখিয়েছিলেন, তাঁর সামান্য অংশও যদি আমরা ধারণ করতে পারি, তবেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।”

অন্যদিকে, মেয়র দীপক মজুমদার তাঁর বক্তব্যে আবেগঘনভাবে স্মৃতিচারণ করে বলেন, তিনি ব্যক্তিগতভাবে দিলীপ সরকারের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। মানুষের পাশে দাঁড়ানো, ছোট পরিসরে থেকেও বড় কাজ করার মানসিকতা—এই গুণাবলিই তাঁকে অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, প্রয়াত বিধায়কের জনপ্রিয়তা ও কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের জন্যই তাঁর বাড়িতে বিভিন্ন সময়ে বহু শীর্ষ নেতার আগমন ঘটত। তিনি দিলীপ সরকারকে দলের এক অমূল্য সম্পদ হিসেবেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও প্রয়াত নেতার কর্মজীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিনের কর্মসূচির অংশ হিসেবে চারিপাড়া এলাকায় নতুন ১ নম্বর অঙ্গনওয়াড়ী কেন্দ্রের উদ্বোধন করা হয়। প্রয়াত বিধায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কেন্দ্রটি এলাকার শিশু ও মহিলাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃত্বরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande