
কাটিহার, ১১ এপ্রিল (হি.স.) : বিহারের কাটিহার জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। কইরা থানার অন্তর্গত জাতীয় সড়ক ৩১-এর বাসগড়া চৌকের কাছে দতপুর মুসাহারি চক এলাকায় একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ১০ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হারদা থেকে পূর্ণিয়ার উদ্দেশ্যে যাওয়া একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অভিযোগ, বাসচালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং পথে একাধিক জায়গায় ধাক্কা মেরেছিলেন। দতপুর মুসাহারি চৌকের কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সজোরে সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় পাশ দিয়ে যাওয়া দুটি মোটরসাইকেলও দুর্ঘটনার কবলে পড়ে। মোটরসাইকেলে থাকা চারজন-সহ মোট ১০ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে চিৎকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর বাসচালক পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য