সংঘর্ষবিরতির পর হরমুজ প্রণালী পেরোল ভারতীয় জাহাজ ‘জগ বিক্রম’, জ্বালানি সরবরাহে স্বস্তির ইঙ্গিত
নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : ইরান-আমেরিকা সংঘর্ষের মধ্যে ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী পেরিয়ে গেল ভারতীয় পতাকাবাহী এলপিজি-বাহী জাহাজ ‘জগ বিক্রম’। এতে প্রায় ২০ হাজার টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রয়েছে বলে অনুমান করা হচ
সংঘর্ষবিরতির পর হরমুজ প্রণালী পেরোল ভারতীয় জাহাজ ‘জগ বিক্রম’, জ্বালানি সরবরাহে স্বস্তির ইঙ্গিত


নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : ইরান-আমেরিকা সংঘর্ষের মধ্যে ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী পেরিয়ে গেল ভারতীয় পতাকাবাহী এলপিজি-বাহী জাহাজ ‘জগ বিক্রম’। এতে প্রায় ২০ হাজার টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তির ইঙ্গিত মিলেছে।

শনিবার সরকারি সূত্রে জানা গেছে, যুদ্ধবিরতির পর এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে অতিক্রম করা এটি প্রথম ভারতীয় জাহাজ। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করে এবং শনিবার দুপুরে ওমান উপসাগরের দিকে অগ্রসর হয়।

মার্চের শুরু থেকে এখনও পর্যন্ত পারস্য উপসাগর অঞ্চল থেকে এটি নবম ভারতীয় জাহাজ, যা নিরাপদে বেরিয়ে এসেছে। তবে এখনও প্রায় ১৫টি ভারতীয় পতাকাবাহী জাহাজ ওই অঞ্চলে আটকে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছে।

‘জগ বিক্রম’ একটি মাঝারি আকারের গ্যাসবাহী জাহাজ, যার ধারণক্ষমতা ২৬ হাজার টনের বেশি। পশ্চিম এশিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার সময় হরমুজ প্রণালী এলাকায় অন্তত ২৮টি ভারতীয় জাহাজ ছিল। এর মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যেই নিরাপদে বেরিয়ে এলেও কিছু জাহাজ এখনও সেখানে অবস্থান করছে।

উল্লেখযোগ্য যে, ভারতের জ্বালানি চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। দেশের প্রায় ৮৮ শতাংশ অপরিশোধিত তেল, প্রায় অর্ধেক প্রাকৃতিক গ্যাস এবং প্রায় ৬০ শতাংশ এলপিজি আমদানি করা হয়, যার অধিকাংশই আসে উপসাগরীয় দেশগুলি থেকে এবং হরমুজ প্রণালী হয়ে দেশে পৌঁছায়।

সংঘর্ষ চলাকালীন এই পথ আংশিকভাবে বিঘ্নিত হওয়ায় দেশে এলপিজি সরবরাহে প্রভাব পড়েছিল। ফলে বাণিজ্যিক ক্ষেত্রে সরবরাহ কমানো হয়েছিল। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় এখন সরবরাহ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande