
কলকাতা, ১৩ এপ্রিল (হি. স.) :আন্তর্জাতিক শিল্পমঞ্চে আবারও উজ্জ্বল হলো হুগলি জেলার নাম। থাইল্যান্ডে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে বিশেষভাবে সম্মানিত হলেন ভদ্রেশ্বরের বাসিন্দা চিত্রশিল্পী সমরেশ পোদ্দার। ভারতীয় দেবদেবীর বিষয়ভিত্তিক এই প্রদর্শনীতে তাঁর অঙ্কিত ‘মা দুর্গা’ চিত্রটি বিশেষ স্বীকৃতি লাভ করেছে।
থাইল্যান্ডের চুড়ালঙ্কন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আয়োজিত এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে সমরেশবাবুর শিল্পকর্মটি আলাদাভাবে নজর কেড়েছে। এই কৃতিত্বের জন্য তাঁকে সম্মানপত্রের পাশাপাশি একটি সোনার বৌদ্ধ মূর্তি উপহার দিয়ে সমাদৃত করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের উদ্যোগে বাংলার একাধিক শিল্পী এই প্রদর্শনীতে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।
উল্লেখ্য, সমরেশ পোদ্দারের ঝুলিতে এর আগেও একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের শিল্পমঞ্চে তাঁর কাজ উচ্চ প্রশংসিত হয়েছে। তাঁর এই সাম্প্রতিক সাফল্যে পরিবার থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী—সকলের মধ্যেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।
এই সাফল্যে আনন্দ প্রকাশ করে চাঁপদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র বলেন, “এই ধরনের সাফল্যে হুগলি জেলার বাসিন্দা হিসেবে গর্বিত অনুভব করছি।” শিল্পীর স্ত্রী মৌ পোদ্দার জানান, পরিবারের সকলেই সমরেশবাবুকে সবসময় উৎসাহ জুগিয়েছেন। তাঁর ছোট ছেলে সৃজনও বাবার এই সৃষ্টিশীলতায় অত্যন্ত অনুপ্রাণিত। নিজের অনুভূতি ব্যক্ত করে সমরেশবাবু বলেন, “এই স্বীকৃতি আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। আগামী দিনে আঁকার জগতে আরও এগিয়ে যেতে চাই।”
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত