পতাকা টাঙাতে গিয়ে আক্রান্ত ৫ বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল
বাসন্তী, ১৪ এপ্রিল (হি. স.): বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের তালদহ গ্রামে বিজেপির পতাকা টাঙানোকে কেন্দ্র করে অশান্তি। তৃণমূলের বিরুদ্ধে পাঁচ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। তাঁদ
পতাকা টাঙাতে গিয়ে আক্রান্ত ৫ বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল


বাসন্তী, ১৪ এপ্রিল (হি. স.): বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের তালদহ গ্রামে বিজেপির পতাকা টাঙানোকে কেন্দ্র করে অশান্তি। তৃণমূলের বিরুদ্ধে পাঁচ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, গ্রামবাসীদের অনুমতি না নিয়ে এলাকাবাসীর ব্যক্তিগত গাছে পতাকা টাঙানোর সময় বিজেপি কর্মীদের বারণ করলে অশান্তি হয়। উল্টে ওই বাড়ির লোকেদেরকেই মারধর করে বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা এলাকায় পৌঁছয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । বিজেপি এ বিষয়ে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন গ্রামে বিজেপি কর্মী তথা বুথ সভাপতি সনৎ মণ্ডল ও বিজেপির মন্ডল সভাপতি সৌমিত্র সর্দার সহ অন্যান্য কর্মীরা দলীয় পতাকা টাঙাচ্ছিল এলাকায়। অভিযোগ তখন স্থানীয় মাধব মন্ডলের নেতৃত্ব বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির। মাধব তৃণমূল দল করে বলেও দাবি তাঁদের। ঘটনায় ওই দুই বিজেপি নেতা ছাড়াও আরও তিন কর্মী জখম হন। ঘটনার পর বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দার আক্রান্তদের সঙ্গে নিয়ে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মাধব। বাসন্তী বিডিওর অস্থায়ী কর্মী তিনি। মাধব বলেন, “ আমি অফিস আসার সময় দেখি ওঁরা আমাদের গাছে বিজেপির পতাকা টাঙাচ্ছে, আমি বারন করি। রাজনীতির এই ডামাডোলের কারণে কোনও এক নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা বাড়িতে লাগাতে দিতে চাইনি। কিন্তু এই প্রতিবাদ করতেই আমাকে এবং আমার এক দাদাকে ওরা মারধর করে। ওরা মেরে ওরাই মিথ্যা অভিযোগ করছে।”

বিজেপি প্রার্থী বিকাশ সর্দার বলেন, “ বাসন্তীতে রাজা গাজীর নেতৃত্বে সন্ত্রাস করছে তৃণমূল। ব্লকের সব জায়গাতেই বিজেপির উপর হামলা হচ্ছে। রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না। বহু ফৌজদারি মামলা রাজার বিরুদ্ধে থাকলেও তার নিরাপত্তারক্ষী এখনও তোলেনি কমিশন।” রাজা বলেন, “ বিজেপির কাজ শুধু কমিশনে অভিযোগ জানানো। ওরা তাই করছে। মিথ্যা অভিযোগ সব। তালদহের ঘটনাটাতেও তৃণমূলের নামে মিথ্যা বদনাম করছে। গ্রামের লোক নিজের বাড়িতে বিজেপির পতাকা লাগাতে দেয়নি। এসআইআর করে মানুষের ভোটাধিকার কেঁড়ে নেওয়া বিজেপিকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে মানুষ।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande