
কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.) : অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রের উৎসবে প্রতিটি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এক মানবিক পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। শারীরিক সীমাবদ্ধতা বা বয়সের ভারে যাঁরা বুথ পর্যন্ত পৌঁছাতে অক্ষম, তাঁদের জন্য মঙ্গলবার থেকে শুরু হল ‘ডোর-টু-ডোর’ বা ‘হোম ভোটিং’ পরিষেবা।
মঙ্গলবার পুরুলিয়া জেলার ২৪৫-পাড়া (তফসিলি জাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের ৬৬ নম্বর বুথে এক প্রবীণ ভোটারের বাড়িতে পৌঁছে যান নির্বাচনী আধিকারিকরা। বয়স ও শারীরিক অসুস্থতাকে জয় করে ওই ভোটার নিজের বাড়িতে বসেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে গর্বের সঙ্গে কালি-মাখানো আঙুল দেখিয়ে তিনি নাগরিক দায়িত্ব পালনের অনন্য নজির গড়েন।
নির্বাচন কমিশনের এই অভিনব উদ্যোগে খুশি ওই ভোটারের পরিবার থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরাও। তাঁদের মতে, কমিশনের এই সক্রিয়তায় গণতন্ত্র আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠছে। সংসদীয় গণতন্ত্রে ভোটদান যে প্রকৃতপক্ষেই শ্রেষ্ঠ উৎসব, ‘হোম ভোটিং’-এর এই চিত্র তা আরও একবার প্রমাণ করল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত