আগরতলায় যথাযোগ্য মর্যাদায় ড. বিআর আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত
আগরতলা, ১৪ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা বিধানসভা ভবন প্রাঙ্গণে মঙ্গলবার ভারতরত্ন, বাবাসাহেব ড. বিআর আম্বেদকরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ত্রিপুরা বিধানসভা সচিবালয় এবং তপশিলি জাতি কল্যাণ দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত
আম্বেদকর জয়ন্তী উদযাপন


আগরতলা, ১৪ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা বিধানসভা ভবন প্রাঙ্গণে মঙ্গলবার ভারতরত্ন, বাবাসাহেব ড. বিআর আম্বেদকরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ত্রিপুরা বিধানসভা সচিবালয় এবং তপশিলি জাতি কল্যাণ দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, আধিকারিক ও কর্মচারীরা।

অনুষ্ঠানের সূচনায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ড. আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া এবং বিরোধী দলনেতান তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরীও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ড. বিআর আম্বেদকরকে ভারতের সংবিধানের প্রধান স্থপতি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আইনসভা ভারতীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র, যেখানে আইন প্রণয়নের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর—বিশেষ করে তপশিলি জাতি ও জনজাতির—কণ্ঠস্বর যথাযথভাবে প্রতিফলিত হওয়া অত্যন্ত জরুরি। ত্রিপুরার সমৃদ্ধ জনজাতীয় ঐতিহ্য ও বহু সম্প্রদায়ের সহাবস্থানের প্রসঙ্গ তুলে তিনি বর্ণ, লিঙ্গ ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

রাজ্যপাল আরও বলেন, প্রাকৃতিক সম্পদ যেমন নদী ও বন সংরক্ষণের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল নাগরিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ড. আম্বেদকরের আদর্শ অনুসরণ করে একটি উন্নত ও সমতাভিত্তিক ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানান। তাঁর মতে, এমন একটি সমাজ গড়ে তোলা প্রয়োজন যেখানে শিশুদের ভবিষ্যৎ তাদের জন্ম নয়, বরং স্বপ্ন ও আকাঙ্ক্ষার দ্বারা নির্ধারিত হবে।

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তাঁর বক্তব্যে ড. আম্বেদকরের অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের সমান অগ্রগতি নিশ্চিত করতে তাঁর আদর্শ অনুসরণ করা অপরিহার্য। অন্যদিকে, বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেন, ড. আম্বেদকর তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন সমাজের পশ্চাদপদ ও অবহেলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষ্যে।

অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার সচিব অমিয় কান্তি নাথসহ সচিবালয়ের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এদিকে, একই দিনে সকালে আগরতলার লোকভবনেও ড. বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী পালন করা হয়। সেখানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি রাজ্যপালের সচিব ইউকে চাকমা এবং লোকভবনের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরাও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে স্মরণ করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande