
নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.) : পুলকিত জৈন ও প্রতীক জৈনের স্ত্রীকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১৫ এপ্রিল তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে মঙ্গলবার জানা গিয়েছে, ১৫ এপ্রিল পুলকিত জৈন এবং প্রতীক জৈনের স্ত্রী বার্বি জৈনকে আইপ্যাক মামলার সঙ্গে যুক্ত 'হাওয়ালা লেনদেনের' জন্য দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুলকিত জৈন হলেন ভারতীয় রাজনৈতিক অ্যাকশন কমিটির (আই-প্যাক) সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রতীক জৈনের ভাই।
উল্লেখ্য, ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আইপ্যাক)-এর অন্যতম কর্তা বিনেশ চান্দেলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। তাঁকে ১০ দিনের জন্য হেফাজতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার ভোরে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট এই নির্দেশ দিয়েছে। আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা সংশ্লিষ্ট সংস্থার ৩৩ শতাংশের অংশীদার। অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে একটি মামলায় তিনি তদন্তাধীন রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ