
নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী সংগ্রহালয় ও গ্রন্থাগারের (পিএমএমএল) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাবাসাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার দিল্লিতে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ শীর্ষক একটি বিশেষ ফিলাটেলিক (ডাকটিকিট) প্রদর্শনীর উদ্বোধন করলেন কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই অনুষ্ঠানে সংবিধান, বি. আর. আম্বেদকর এবং সংগ্রহালয়ের চতুর্থ প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে তিনটি পৃথক সেটের বিশেষ পোস্টকার্ডও প্রকাশ করা হয়।
মঙ্গলবার তীন মূর্তি মার্গে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সংগ্রহালয় ও গ্রন্থাগারের কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র, ডাক বিভাগের মহাপরিচালক জিতেন্দ্র গুপ্ত-সহ একাধিক শীর্ষ আধিকারিক। প্রদর্শনীর উদ্বোধনের পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিভিন্ন প্রধানমন্ত্রীর জীবন ও বাবাসাহেব আম্বেদকরের অবদান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র দেখেন এবং সংগৃহীত ডাকটিকিটগুলি ঘুরে দেখেন।
কেন্দ্রীয় মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “আজকের দিনটি সংবিধান ও বি. আর. আম্বেদকরকে শ্রদ্ধা জানানোর একটি অনন্য উপলক্ষ। ডাক বিভাগ ও প্রধানমন্ত্রী সংগ্রহালয় যৌথভাবে আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের প্রদর্শনী আয়োজন করে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাসকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে।” তিনি আরও জানান, এই সহযোগিতার অংশ হিসেবে সংগ্রহালয় চত্বরে ডাক বিভাগের একটি বিশেষ আউটলেটও খোলা হবে।
সিন্ধিয়া আরও উল্লেখ করেন যে, গত ৭৫ বছরে ডাক বিভাগ ভারতের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর মতে, এই প্রদর্শনী কেবল একটি শ্রদ্ধা নিবেদন নয়, বরং এটি আত্মনির্ভর ও উন্নত ভারত গড়ার অঙ্গীকারের প্রতিফলন।
প্রায় ৪৫ মিনিটের এই কর্মসূচিতে প্রদর্শনীর উদ্বোধন ছাড়াও ডাক বিভাগ এবং প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন প্রচারমূলক কর্মসূচি ও কো-ব্র্যান্ডেড ফিলাটেলিক পণ্য তৈরির পথ প্রশস্ত হলো।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য