
পালামু, ১৪ এপ্রিল ( হি. স.) : ঝাড়খণ্ডের পালামু জেলায় ঘটলো ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত হলো লক্ষাধিক টাকার সম্পত্তি। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে , পালামু জেলার চেইনপুর থানার অন্তর্গত পানেরিবান্ধ গ্রামে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি । তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়েছে সোনা - রুপোর গয়না সহ ৮ লক্ষ টাকার সম্পত্তি এবং নগদ ৫০,০০০ হাজার টাকা ।
মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগে সোমবার রাত ১০টা নাগাদ। দীপক পাঠক নামে এক ব্যক্তি স্ত্রী ও পাঁচ মেয়েকে নিয়ে থাকতেন ওই বাড়িতে। ঘটনার দিন তিনি এবং তাঁর স্ত্রী গিয়েছিলেন একটি কাজে। বাড়িতে ছিলেন তাঁর দুই মেয়ে । সেই সময় ঘটে এই অগ্নিকাণ্ড। প্রাণভয়ে মেয়ে দুটি বাড়ি ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা দমকলে খবর দেয়। টানা তিন ঘণ্টার প্রচেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাড়িতে জ্বালানো ধূপ থেকেই ছড়িয়েছিল আগুন।
মঙ্গলবার বাড়ির মালিক দীপক পাঠক জানিয়েছেন, বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল। তাই নগদ অর্থ, সোনা - রুপোর গয়না সহ বেশ কিছু সরঞ্জাম মজুত ছিল বাড়িতে । অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্বান্ত হয়েছেন গোটা পরিবার ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক